ঈদে বাড়ি ফেরা হলো না দুই পোশাক শ্রমিকের

বরিশালের গৌরনদীতে বাস ও থ্রি হুইলার (মাহিন্দ্রা) সংঘর্ষে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় থ্রি হুইলারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১২ মে) সকাল ৮টার দিকে গৌরনদী উপ‌জেলার আশোকাঠি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আলামিন (৩২) ও বরিশালের এয়ারপোর্ট থানাধীন গজালিয়া এলাকার বাসিন্দা রাকিবুল হাসান (৩৪)।

পুলিশ জানায়, চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরি করতেন নিহত ও আহত যাত্রীরা। ঈদের ছুটি কাটাতে বিভিন্ন পথে ভেঙে ভেঙে বরিশালের উদ্দেশে আসতে থাকেন। মাদারীপুর থেকে মাহিন্দ্রায় বরিশালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানা পু‌লি‌শের ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বাসটি বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিলো আর মাহিন্দ্রাটি বরিশালের দিকে যাচ্ছিলো। এসময় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার ওই দুই যাত্রী নিহত হন। এছাড়া মাহিন্দ্রা চালকসহ বরিশালের এয়ার‌পোর্ট থানাধীন গজালিয়া এলাকার ফোরকান নামে অপর এক যাত্রী আহত হয়েছে। তবে চালককে না পাওয়া গেলেও আহত ফোরকানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর, বাসটি‌কে আটক করা সম্ভব হয়‌নি।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর