বগুড়ার শেখেরকোলায় আছিয়া বেওয়া নামের এক বৃদ্ধা খুন হয়েছে। তাকে গলাকেটে হত্যার ঘটনায় নাতি ইয়াকুব আলীকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াকুব ওই ইউনিয়নের বালাকৈগাড়ী দক্ষিণ পাড়ার মিলন প্রামাণিকের ছেলে।
মঙ্গলবার রাতে ওই হত্যাকান্ডের পর জিজ্ঞাসাবাদে ইয়াকুব তার আপন নানিকে হত্যার কথা স্বীকার করে।
ঘাতকের বরাত দিয়ে পুলিশ জানায়, ইয়াকুব মঙ্গলবার সন্ধ্যায় তার নানির কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজিত হয়ে হাতের কাছে থাকা চাকু দিয়ে আছিয়ার গলায় আঘাত করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে তার নানীকে ওইভাবে ফেলে রেখে ঘর হাতিয়ে ৭৫০ এর কিছু বেশি টাকা নিয়ে নিজ বাড়িতে পালিয়ে যায়।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, ইয়াকুব ঘটনার সবকিছু স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি