সাধারণ পরিবহনের এক অসাধারণ কাণ্ড!

একেই বলে নাড়ির টান! শুক্রবারে ঈদ। তাই যে কোনো উপায়েই হোক বাড়ি ফেরা চাই। এ জন্য যে যেভাবে পারছে বাড়ির দিকে ছুটছে।

বুধবার (১২ মে) দুপুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্বিম সিরাজগঞ্জের কড্ডা ও নলকা ব্রীজ এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

এদিকে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবারের ঈদে গ্রামের বাড়িতে যেতে মানুষকে নিরুত্সাহিত করতে বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার পরিবহন। কিন্তু ঈদে ঘরমুখী মানুষের ঢল ঠেকানো যাচ্ছেনা। তবে যানবাহনের স্বল্পতার সঙ্গে গতকাল ভোরের বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে আরও কয়েক গুণ। করোনার ঝুঁকি উপেক্ষা করে অনেকে ট্রাকেও জায়গা না পেয়ে মাহেন্দ্র, ভাড়ায় চালিত মাইক্রো ও মোটরসাইকেলে করে ফিরছে বাড়িতে।

দৃশ্যটা এমন ট্রাক চালক জহুরুল ইসলাম, পুরো ট্রাকে মানুষ। বাইরে থেকে দেখে মনে হবে কোথাও মিছিল নিয়ে যাওয়া হচ্ছে। আসলে তা নয়, সবাই ঈদের আনন্দে ঢাকা থেকে বাড়ি ফিরছে। ট্রাকের সামনের দিক থেকে একজন একজন করে যাত্রী তুলে গাবতলী থেকে সিরাজগঞ্জ কড্ডা পর্যন্ত যাত্রীভেদে দরকষাকষি করে ভাড়াও নেওয়া হয়েছে ৪’শ থেকে ৬’শ টাকা। ওই ট্রাক থেকে নেমেই সিরাজগঞ্জ ফেরা যাত্রী ওমর ফারুক বললেন, সব ভোগান্তি দূর হয়ে গেল। এখন আর অতিরিক্ত টাকা গুনতে হবেনা। ১০ টাকা দিয়ে বাসায় যাবো। ঢাকা থেকে সেই রাত ১২ টায় ট্রাকে ওঠেছিলাম। আসতে কত লাগলো এমন প্রশ্নের জবাবে তিনি বললেন গবতলী থেকে কড্ডা ৬’শ টাকা।

অপর এক মহিলা যাত্রী মোছা. রোজিনা খাতুন বললেন, সবগুলো ট্রাকের সাথে লেখা দেখি “সাধারণ পরিবহণ” তবে আমি আজ থেকে বলবো এটা সাধারণ না অসাধারণ পরিবহন। কেননা দূরপাল্লার পরিবহন যখন বন্ধ। ঠিক সেই সময় সাধারন মানুষের ঘরে ফেরার অন্যতম মাধ্যম হয়েছে এই ট্রাক গুলোই।

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কের কোথাও যানজট নেই। তবে আজ দ্বিগুণ যানবাহন চলাচল করছে। ভোররাতে সাহরির পর থেকে দূরপাল্লার বাসও চলাচল করছে।

বঙ্গবন্ধু হাইওয়ে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বলেন, ট্রাক, সড়কে মোটরসাইকেল, মিনি ট্রাক, প্রাইভেটকার সবই চলছে। সেই সাথে ভোররাত থেকে দু’একটি করে দূরপাল্লার বাসও চলছে। নির্দিষ্ট করে সংখ্যা বলা যাচ্ছেনা, তবে গতকালের তুলনায় দ্বিগুণ যানবাহন চলছে। আমরা যদি ওই বাসগুলোকে দাঁড় করাতে যাই, তাহলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর