হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মে) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, দেশের আলোচিত ঘটনায় গ্রেফতার মামুনুল হকসহ অনেককেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। পরে তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।
অন্যদিকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরদিন গাজীপুর মহানগরীর গাছা থানায় র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বার্তাবাজার/নব