চলতি লা লিগা মঙ্গলবার রাতে লেভান্তের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। লেভান্তের মাঠে বড় হোঁচট খেয়েছে তারা। ৩-৩ ব্যবধানে ড্র করে শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বার্সা।
ম্যাচে দুইবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে বার্সা। এর ফলে লিগের বাকি ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম বার্সার। ম্যাচের ২৫ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন মেসি। জর্দি আলবার ক্রস থেকে গোল আদায় করেন তিনি।
মেসির গোলের ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। ওসমানে দেম্বেলের এসিস্টে গোলটি করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলে বার্সা।
ম্যাচের ৫৬ মেলেরো ও ৫৯ মিনিটে মোরালেস গোল করে সমতায় ফেরান। তবে ৬৪ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন দেম্বেলে। এতে ব্যবধান ৩-২ হয়। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে সার্জিও লিওন গোল করে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোল ব্যবধানে ড্র হয়।
এতে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে বার্সা। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।
বার্তাবাজার/নব