বৃষ্টি উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ মে) সন্ধ্যার পর থেকে কয়েক দফায় বৃষ্টি হলেও মানুষ ঘাট এলাকায় জড়ো হতে থাকে।

ঘাট এলাকায় কয়েকজন যাত্রী জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে সব ফেরি চলাচল স্বাভাবিক শুনে আমরা এখানে এসেছি। নিজ শেকড়ের টানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ফিরছেন তারা। তবে ঘাট এলাকায় পৌঁছাতে দীর্ঘ পথ পায়ে হেটে অথবা বিকল্প ব্যাবস্থায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে আসতে হয়েছে।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, দুপুরে ঘাট এলাকা একবারে ফাঁকা ছিল। কিন্তু ফেরিগুলো ছাড়তে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। তবে বিকেলে সেই দৃশ্য পাল্টে যায়। ঘাটে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে থাকে, যা এখনও অব্যাহত রয়েছে।

এ সময় তিনি আরো জানান, আজ সন্ধ্যার পর ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজারো ঘরমুখো মানুষ ঘাটে ভিড় জমান। বহরে থাকা সবগুলো ফেরি চলাচল করছে এবং প্রতিটি ফেরিতে বিপুল পরিমাণ যাত্রী পারাপার হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল আহমদে জানান, ঘাটে বর্তমানে ৩০টি ছোট গাড়ি ও ৭০টি বড় গাড়ি অবস্থান করছে। এছাড়া ফেরিতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর