বরগুনার বিষখালী নদীর বেতাগী-কচুয়া খেয়াঘাট পারাপারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি যাত্রী হয়রানি, অদক্ষ চালক ও ত্রুটিযুক্ত নৌযান দিয়ে নদী পারাপারের বিস্তর অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাধারণ যাত্রী পারাপারে সরকার কর্তৃক নির্ধারিত পাঁচ টাকার পরিবর্তে বর্তমানে ঈদের সময় ৪০ টাকা আদায় করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের ফ্রি পারাপারের নিয়ম থাকলেও একই পরিমাণে টাকা আদায় করা হয়। সরকার কর্তৃক ভাড়া নির্ধারণ করা থাকলেও তা মানছে না আদায়কারীরা।
এছাড়া, ঈদের সময় যাত্রীদের কাছ থেকে মোটরসাইকেল পারাপারে ১০ টাকার পরিবর্তে ১০০ টাকা, বাইসাইকেল ১০ টাকার পরিবর্তে ৫০ টাকা, গরু, মহিষ, ছাগল, ভেড়া পাঁচ টাকার পরিবর্তে ১০০ টাকা, আসবাবপত্র ১০ টাকার পরিবর্তে ৫০০ টাকা ও হালকা যানবাহনের ক্ষেত্রে সর্বনিম্ন ২০০ টাকা করে আদায় করা হয়।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, ইজারাদার সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে ইচ্ছামতো খেয়া পরিচালনা করছেন। খেয়া পারাপারের জন্য যাত্রীরা নির্ধারিত ভাড়া দিতে চাইলে টোল আদায়কারীরা খারাপ ব্যবহার করছেন এবং লাঞ্ছিত করছেন। ঘাট ইজারাদার রুস্তুম আলী হাওলাদার ও নুরুল হক কচুয়ার স্থানীয় লোক হওয়ায় যাত্রীদের জিম্মি করে বিষখালী নদীর কচুয়ার পাড় থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। প্রতিদিন ভাড়া আদায় নিয়ে আদায়কারীরা সাধারণ যাত্রীদের সাথে তর্ক-বিতর্ক, ঝগড়া ও মারধরের ঘটনা ঘটছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিকার চেয়ে বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ লিটু গত বছরের ৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন এর নিকট লিখিত অভিযোগ তুলে ধরেন।
এছাড়া একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকার কর্তৃক নির্ধারণকৃত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া এবং এনিয়ে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করার জন্য প্রতিকার দাবি করেছেন। ভোর ৫ থেকে রাত ১০টা পর্যন্ত পারাপারের নিয়ম, কিন্তু সন্ধ্যা ৭টার পরেই ওই বিষখালী নদী থেকে পার হতে হলে চাইলে তাঁর কাছ থেকে রিজার্ভ ৫০০-৮০০ টাকা আদায় করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে টোল আদায়কারী রুস্তুম আলী জানান, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয় এবং অনেকে ভাড়াও দেয় না। মোটরসাইকেলে ৫০ থেকে ১০০ টাকা আদায়ের বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে