পবিত্র ঈদুল ফিতরের দিনে ঝড়ের সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদ কবে হবে। শুক্রবার ঈদ হলেও সেদিন বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী চারদিন চলতে পারে। পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হবে।
সরকারের এই সংস্থাটি জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, কালবৈশাখীর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে।আগামী ১৫ মে পর্যন্ত সারা দেশেই এই বৃষ্টি থাকবে। তবে ১৪ মে পর্যন্ত বৃষ্টি বেশি থাকবে, ১৫ মে একটু কমবে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে।
বার্তা বাজার/এসজে