খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার উদ্দেশ্য চিকিৎসা নয়, ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য নয়, দেশ বিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার জন্য বিএনপি বিদেশ নিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১১ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে করোনাকালে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তারা বিদেশ নিয়ে যেতে চান, এর আইনি কোনো সুযোগ নাই এবং তাদের বিদেশে নেওয়ার উদ্দেশ্য ভিন্ন। খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া নয়, বিদেশ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি এবং বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এখন যে ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ড করা হয়, সেগুলোকে আরও তৎপর করা।

তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বিএনপি এবং খালেদা জিয়াই প্রতিহিংসার রাজনীতি করে। সেজন্যই তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, ১৯৯৬ সালে পাতানো নির্বাচন করে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলীয় নেতা বানানো হয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার তারা বন্ধ করেছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর