ঈদকে সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে চারঘাটের সুদ ব্যবসায়ীরা

ঈদকে সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে রাজশাহী চারঘাটের সুদ ব্যবসায়ীরা। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রান্তিক বাজার গুলোতে চলছে রমরমা সুদের ব্যবসা। এসব সুদ ব্যসায়ীকে প্রতি মাসে হাজার হাজার টাকা সুদ দিতে হয় সাধারণ মানুষকে। মাস শেষে সুদের টাকা দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় সুদ। পরে না দিতে পারলে মাঠের জমি, গরু এমনকি বসতভিটা পর্যন্ত লিখে দিতে হয় সুদ ব্যবসায়ীদের নামে।

সুদ ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরই মধ্যে অনেকে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। সুদের ব্যবসা কয়েক বছর ধরে চলছে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে। সুদের টাকা নিয়ে এলাকার সাধারণ মানুষ নিঃস্ব হয়ে পড়ছেন।

আব্দুল লতিফ নামের এক ব্যক্তি জানান, সুদ ব্যবসায়ীদের হাত থেকে গ্রামের সাধারণ মানুষকে রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। যদি কেউ বিপদে পড়ে ৫০ হাজার টাকা সুদে নেন, তাহলে পাঁচ মাস পর পাঁচ লাখ টাকা দিয়েও সুদ ব্যবসায়ীদের টাকা পরিশোধ হয় না। সুদ ব্যবসায়ীরা সাধারণ মানুষের জমি পর্যন্ত জোরপূর্বক লিখে নিচ্ছে। এরা এলাকার প্রভাবশালী ব্যক্তি বলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

আজদার নামের এক ব্যক্তি জানান, বছর দুয়েক আগে এক ব্যক্তির কাছে থেকে ২৫ হাজার টাকা সুদে নেন। এরই মধ্যে ৫৫ হাজার টাকা দেয়া হয়েছে। কিন্তু সুদের টাকা এখনও শোধ হয়নি বলে মাঝেমধ্যে তাগাদা দেয়।

তিনি আরও জানান, এসব সুদ ব্যবসায়ীর কারণে মনের কষ্টে অনেকে আত্মহত্যা করেছেন। কেউ কেউ সুদের টাকা শোধ করতে না পেরে সুদখোরকে তার ব্যাংকের চেকবইয়ের পাতা স্বাক্ষর করে দিতে বাধ্য হন। আলমগীর মেকার নামের আরেক ব্যক্তি সুদের টাকা পরিশোধ করতে না পেরে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। সুদের টাকা নিয়ে এভাবে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন।

এখন তারা সমাজের প্রধান নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে পরিচিতি পাচ্ছে। এই সুদ সিন্ডিকেটের ওপর নজর দিতে এলাকাবাসী প্রশাসনিক কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন।

এ সকল বিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সুদ ব্যবসায়ীরা বেপরোয়ার কথাটি শুনেছি। এছাড়া সুদ ব্যবসার টাকার জন্য কারও জমি, কারও বাড়ি, এমনকি কাউকে মারধর করা হয়েছে- এমন ঘটনা যদি কেউ থানায় অভিযোগ করে তাহলে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নবী আলম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর