দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এমন পরিস্থতিতে ঈদ উপলক্ষ্যে মানুষ যেভাবে বাড়িতে যাচ্ছে তাতে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জরুরি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
তিনি বলেন, ঈদে আমরা যেভাবে বাড়ি যাচ্ছি এতে আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছি। করোনা পৃথিবী থেকে কবে যাবে তা কেউ বলতে পারে না। ফলে যতদিন করোনা থাকবে ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা জীবনে আরও অনেক ঈদ উপভোগ করতে চাই। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক নয়। ঈদের জামাত সীমিত আকারে করতে পারলে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে রাখা যাবে। এ জন্য ঈদের জামাত খোলা স্থানে স্বাস্থ্যবিধি মেনে করার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, ঈদ জামাতের পরবর্তী সময়ে আমাদের একটা রীতি হচ্ছে কোলাকুলি করা কিংবা হাত মেলানো। সেটাও কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ। তাই কোলাকুলি করা যাবে না এবং হাত মেলানো যাবে না।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ঈদের পর আমাদের বেশি বেশি করোনা পরীক্ষা করতে হবে। পরীক্ষা না করলে বিষয়টা কতটুকু ছড়াচ্ছে সেটা নিশ্চিত হওয়া যাবে না। আর আমাদের পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বার্তাবাজার/নব