হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ মে) আসামি আজিজুল হক ইসলামাবাদীকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা এক মামলার সুষ্ঠু তদন্তের জন্য গত ৩ মে আজিজুল হক ইসলামাবাদীকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পল্টন থানার আরেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বার্তাবাজার/নব