ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষার চেষ্টায় গোবর ও গোমূত্র শরীরে মাখছেন কিছু কিছু মানুষ।
তাদের বিশ্বাস, এগুলো মাখার পর দুধ দিয়ে গোসল করলে করোনার সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি নেই।
প্রতিদিনই হাজার হাজার মানুষ মরছে ভারতে। এমন পরিস্থিতিতে দেশটির গুজরাট রাজ্যে করোনা মহামারি থেকে আত্মরক্ষায় অদ্ভূত এক কৌশলের আশ্রয় নিয়েছে কিছু মানুষ। তাদের বিশ্বাস, গোবর ও গোমূত্র সারা শরীরে মাখলে করোনামুক্ত থাকা যাবে।
যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোবর কিংবা গোমূত্র করোনার সংক্রমণ ঠেকাতে পারে এমন কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাছাড়া করোনার সংক্রমণ রোধে এসবের কোনও কার্যকারিতা নেই- বরাবরই বলে আসছেন চিকিৎসকরা।
তবু দেশটিতে থেমে নেই গোবর দিয়ে গোসল কিংবা গোমূত্র ব্যবহারের প্রবণতা। করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে গোশালায় এসে গোবর ও গোমূত্র মেখে বসে থাকেন অনেকেই।
একজন বলেন, ‘গরুর গোবরে রয়েছে ভিটামিন বি-১২। গোবর আর গোমুত্র শরীরে মাখিয়ে রাখার পর যখন এটি শুকিয়ে যায় তখন আমাদের শরীর এই ভিটামিন পায়।’
শরীরে মাখিয়ে রাখার পর শুকালে গরুর দুধ ও মাখন দিয়ে গোসল করছেন তারা।
আরেকজন বলেন, ‘আমাকে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হয়, সবসময়ই একটা ভয় থাকে যদি আক্রান্ত হয়ে যায়। তা্ই সাপ্তাহিক ছুটির দিনে গোবর, গোমুত্র, দুধ, মাখন ও দইয়ের মিশ্রণ দিয়ে গোসল করছি। এতে করে আমি নতুন করে এনার্জি পাচ্ছি ও সবকিছুতে ইতিবাচকভাবে নিতে পারছি।’
ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জয়লাল বলেন, ‘করোনার চিকিৎসা ও ইমিউনিটি সিস্টেম বাড়াতে গরুর গোবর কার্যকর এটির কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। যারা এগুলো ব্যবহার করছেন তাদের বোঝা উচিত এমনটা করলে আরো অনেক সংক্রামক রোগ হওয়ার আশঙ্কা রয়েছে।’
বার্তাবাজার/ভিএস