কালিগঞ্জে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে শেখ মোশারাফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল্ল্যাহ শেখের ছেলে।

মঙ্গলবার (১১ মে) সকালে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের তারালী চৌরাস্তা মোড়ে এঘটনা ঘটে।

নিহতের ছেলে রাকিবুল ইসলাম জানান, তার বাবা দীর্ঘদিন কালিগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের মোহরাব হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি মানসিক হতাশায় ভুগতেছিলেন। মঙ্গলবার ভোরে সেহেরীর পর নামাজ পড়ে বাড়ি থেকে পায়ে হেঁটে বের হন তার বাবা।

সকাল সাড়ে ৬ টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজের পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে ট্রাকের নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এসময় চালকের সতর্কতায় দূর্ঘটনা থেকে বেঁচে যান। পরবর্তীতে তারালী মোড়ে এসে মাগুরা থেকে ধানকাটা শ্রমিক বহনকারী শ্যামনগরগামী একটি চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে চাকার নিচে মাথা ঢুকিয়ে দেন। ওই সময়ে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিতিৎসক ডাঃ গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর