বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার (১৩ বা ১৪ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামী বৃহস্পতিবার থেকে (১৩ মে) থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে তিন দিন আর ৩০ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকে চার দিন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে এবারের ঈদের একদিন ছুটি পড়েছে। রোজা ৩০টি হলে শনিবারের সাপ্তাহিক ছুটির দিনও ঈদের ছুটি থাকবে।

প্রতি বছর সরকারের সাধারণ ছুটিসহ ধর্মীয় ও ঐচ্ছিক ছুটিগুলো নভেম্বর-ডিসেম্বর মাসে মন্ত্রিসভায় চুড়ান্ত করা হয়। গত ২ নভেম্বর ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩, ১৪ ও ১৫ মে। আর ১৬ মে সরকারি কর্মচারীরা ঐচ্ছিক ছুটি কাটাতে পারবেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলবে। এ ব্যাপারে গত ৫ মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ছুটি তিন দিনই থাকবে এবার। এ বিষয়ে সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে। ছুটিতে কর্মস্থলও ত্যাগ করা যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে বাড়ি যাওয়ার জন্য হুড়োহুড়ি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটা ঈদ বাড়িতে গিয়ে না করলে কী হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর