রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছকাটায় ২০শে মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। গাছ না কাটার বিষয়ে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশও দেয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদের আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।
একইসঙ্গে আবেদনের শুনানি ২০শে মে পর্যন্ত মুলতুবি করা হয়েছে। ২০০৯ সালের ৭ই জুলাই একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান হিসেবে সোহরাওয়ার্দী ও রমনা এলাকা সংরক্ষণের নির্দেশ দেয় হাইকোর্ট।
সম্প্রতি রেস্টুরেন্ট স্থাপনের নামে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধে রবিবার হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হয়। উদ্যানের গাছ কাটা বন্ধের বিষয়ে ৬টি মানবাধিকার সংগঠনও একটি রিট করেছে।
বার্তাবাজার/ভিএস