লক্ষ্মীপুর-ভোলা নৌরুট দিয়ে করোনাকালের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর বিপজ্জনক এলাকা দিয়ে যাত্রী পারাপারের অভিযোগে কোস্টগার্ডের হাতে আটক হয়েছে ১২ মাঝি।
সোমবার (১০ মে) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় যাত্রী পারাপারে ব্যবহৃত ১৫টি ট্রলার।
আটককৃতরা হলেন- বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশা ইউনিয়নে।
এ বিষয়ে ভোলা নৌ পুলিশের ওসি সুজন পাল জানান, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিল ট্রলার মালিকরা। এসময় সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ মাঝিকে আটক করেছে। জব্দ করা হয় ১৫টি ট্রলার। পরে কোস্টগার্ড আটককৃতদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর।
বার্তা বাজার/এসজে