খালেদা জিয়াকে বিশেষ উপায়ে বিদেশ নেওয়ার পরিকল্পনা!

সদ্য করোনামুক্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জন্য বিশেষ তার পরিবার ও দল উপায়ের খোঁজ করছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ মে) তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

ঢাকায় খালেদা জিয়ার সবচেয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখন ঢাকায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। একইসঙ্গে বিদেশে নেয়ার জন্য আইনগত বা অন্য কোনো উপায় আছে কি-না, তা খতিয়ে দেখে দলের নীতি-নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে।

মির্জা ফখরুল বলেন, আমরা তো জোর করে তাকে বিদেশে নিয়ে যেতে পারব না। বিষয়টি সরকার একেবারে না করে দিয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব, দেশেই তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্য। একইসঙ্গে অন্য কোনো অপশন আছে কিনা বা আইনগত অথবা অন্য কোনো উপায়, সেটাও আমরা দেখব।

তিনি বলেন, অন্যান্য অপশনগুলো আমরা ভেবে দেখব এবং সেগুলো আমরা আমাদের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা মনে করছি সরকারের এখতিয়ারে থাকার পরও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়নি।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ না দেওয়ায় দেশের মানুষ হতাশ উল্লেখ করে তিনি বলেন, দেশের সব মানুষই আশা করেছিল, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতির কথা ভেবে সরকার মানবিক কারণে হলেও তাকে বাইরে যাওয়ার অনুমতিটা দেবে। দুঃখজনক হলো সরকার একটা ধারণা দিয়েছিল যে, আমরা মানবিক কারণে এটা দেখব। কিন্তু শেষমুহূর্তে তারা আইনের কথা বলে এটা নাকচ করে দিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর