ঢাকার সাভারে করোনায় আক্রান্তের হার আবারও উর্ধমুখী হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন করে আরও ৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সোমবার (১০ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. মো. আরমান আহমেদ বার্তা বাজারকে জানান, গত ৮ মে ও ৯ মে সাভারে মোট ৯৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের ভিতর মোট ৫ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এই হার উদ্বেগজনক উল্লেখ করে তিনি সাভারবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এদিকে, সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা জানান, আমাদের নিজেদের খেয়াল কিন্ত নিজেদেরই রাখতে হবে। নিজের প্রতি ও আপনার পরিবারের প্রতি খেয়াল রাখুন। দেখুন, আমরা সবাই যদি নিজ দায়িত্বে দায়িত্ব নিয়ে যার যার পরিবারের খেয়াল রাখি, তাহলেই করোনা মোকাবিলায় আমরা নিজেরাই যথেষ্ট। তাই, সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলুন, বিশেষ করে মাস্ক অবশ্যই পরিধান করুন।
প্রসঙ্গত, সোমবার (১০ মে) পর্যন্ত সাভারে মোট ১৫৬২৪ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের ভিতর মোট আক্রান্তের সংখ্যা ২৩৮৯ জন। আর এপর্যন্ত সাভারে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
আল মামুন/বার্তাবাজার/ই.এইচ.এম