জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লি ও সাধারণ মানুষের উপর ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ। সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতে বলা হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ এবং সেখানে ইসরায়েলি বেসামরিক জনগোষ্ঠীকে স্থানান্তরিত করার উদ্যোগে এক ভয়াবহতা প্রকাশ পেয়েছে। এটা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তি লঙ্ঘন। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, টেকসই ফিলিস্তিন রাষ্ট্রে জনগণের সার্বভৌম ও স্বাধীন স্বদেশ নিশ্চিতের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের মধ্য দিয়ে যে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা প্রতিষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ‘দুই রাষ্ট্রীয় সমাধান নীতির’ ভিত্তিতে ফিলিস্তিন প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে বাংলাদেশ। উভয়পক্ষের সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান প্রত্যাশা করে বাংলাদেশ।
উল্লেখ্য, ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ পালনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত আল আকসা মসজিদের সামনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বার্তা বাজার/এসজে