গঙ্গা নদীতে প্রচুর মরদেহ, সংখ্যা ছাড়াতে পারে ১৫০

একের পর এক বিকৃত মরদেহ ভেসে আসছে ভারতের গঙ্গা নদী দিয়ে। ইতোমধ্যে পাওয়া গেছে ৪০-৪৫টি মরদেহ। এই সংখ্যা ১৫০ এর বেশিও হতে পারে। এভাবে মরদেহ ভেসে আসার কারণে বিহারের বক্সায় গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

করোনায় বিপর্যস্ত উত্তর প্রদেশের পাশের এলাকা বিহারে এভাবে এত মরদেহ ভেসে আসা নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্নের। এগুলো কোথা থেকে ভেসে এসেছে তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে প্রশাসন।

রাজ্যের চৌসা এলাকার স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, সকালে উঠেই তারা দেখে গঙ্গার পাড়ে মহাদেব ঘাটে সার সার দিয়ে জলে ভাসছে পচে গলে ফুলে ওঠা মৃতদেহ। মুহূর্তে খবর যায় পুলিশে।

স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, উত্তরপ্রদেশ থেকেই ভেসে এসেছে দেহগুলো এবং মৃতদের মৃত্যু সম্ভবত করোনা সংক্রমণের কারণেই হয়েছে। সৎকার করতে না পেরে মারা যাওয়া লোকদের পরিবার নদীতেই ভাসিয়ে দিয়েছে মরদেহগুলো। করোনাকালে এভাবে মরদেহ ভেসে আসায় নদীর পানিতেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের চৌসা জেলার কর্মকর্তা অশোক কুমার বলেন, এদিন সকালে ৪০-৫০টি মৃতদেহ ভেসে এসেছে গঙ্গায়। মৃতদেহের অবস্থা দেখে মনে করা হচ্ছে পাঁচ থেকে সাত দিন আগেই এদের মৃত্যু হয়েছে। প্রাথমিক অনুমান, মৃত্যুর পর কেউ দেহগুলো গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, আরও মৃতদেহ ভেসে আসার সম্ভাবনা রয়েছে। কম করে ১০০-এর কাছাকাছি লাশ নদীতে ফেলা হয়েছে বলে অনুমান।

এভাবে ক্রমশ করোনায় মারা যাওয়াদের নদীতে ভাসিয়ে দেওয়ায় দ্রুত সংক্রমণ ছড়ানোর আতঙ্কে তটস্থ বাসিন্দারা। তবে এগুলো উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: এই সময়, এনডিটিভি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর