আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে জরুরি। তার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাকর্মীদের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।
সোমবার (১০ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর, উত্তরা মাঠে দুস্থ মানুষের মধ্যে খাদ্য এবং ঈদ উপহার বিতরণের সময় তিনি এ আহ্বান জানান।
হানিফ বলেন, বিএনপির কাছে খালেদা জিয়ার সুস্থতার চেয়ে অসুস্থতা নিয়ে রাজনীতি করা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তাঁর অসুস্থতা নিয়ে রাজনীতি করে তারা রাজনীতির পরিবেশ নষ্ট করতে চায়।
তিনি বলেন, যেখানে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিন হয় নাই, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দরজা খুলে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে বাসায় রাখার ব্যবস্থা করেছেন, চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন। এর চেয়ে বড় মানবতা আর কী হতে পারে? অথচ মির্জা ফখরুল গতকাল বললেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার বিদেশ পাঠাচ্ছে না।
বার্তা বাজার/এসজে