খুলনা বিভাগে অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত

খুলনা বিভাগের খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল, সাতক্ষীরা, যশোর ও মেহেরপুর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ নগরীর ১২টি ওয়ার্ডের মোট ৫ হাজার ৪ শত ৩৬ জন করোনায় কর্মহীন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া মেয়র প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১২টি ওয়ার্ডের ১২শ’ শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। পুষ্টিকর খাদ্যের মধ্যে ছিলো মাথাপিছু ৩০টি ডিম, চিনি ৫০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম ও সুজি ৫০০ গ্রাম।

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের নগদ সহায়তা কর্মসূচির আওতায় ৩১টি পরিবারের মাঝে ৩২ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচি’র আওতায় ৩ হাজার ৭৮টি পরিবারের মাঝে ১৩ লাখ ৬৫ হাজার টাকার অর্থ সাহায্য প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩২ জন হিজড়া জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, সেমাই সহ অন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১ হাজার ২ শত ৬৫ টি করোনায় কর্মহীন শ্রমিক দরিদ্র পরিবারের মাঝে শুকনো প্যাকেট খাবার বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩-এ কল এর মাধ্যমে ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ২৯ হাজার পরিবারের মাঝে ১ কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৮৫ হাজার ২শত উপকারভোগী পরিবারের মাঝে ৮ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩-এ কল এর মাধ্যমে ৬৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

যশোর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ২ লাখ ৪৮ হাজার ৬ শত ৪০টি পরিবারের মাঝে ১১ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩-এ কল এর মাধ্যমে ১ হাজার ৯ শতটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মেহেরপুর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দসহ ৬ হাজার ৫ শত ৫০ টি পরিবারের মাঝে ২৯ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ হাজার ৩ শতটি পরিবারের মাঝে ৪৬ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলাতেও অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর