ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আবুল হোসেন নামে এক কৃষকের একটি গরু মারা গেছে। আরও তিনটি গরু,একটি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। রোববার( ৯মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা জল্লী কান্দি গ্রামের কৃষক আবুল হোসেনের গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান ,কৃষক আবুল হোসেন প্রতিদিনের মত রবিবার সন্ধ্যায় গরুগুলো গোয়াল ঘরে রশি দিয়ে বেঁধে রেখে তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুনের লেলিহার শিখা দেখে গরুগুলো ছুটাছুটি ও চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীদের ঘুম ভেঙ্গে গেলে তারা ছুটে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গোয়ালঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, বাছুরসহ আরও চারটি গরু -ছাগলের অবস্থাও আশঙ্কাজনক। পরে আহত গরুগুলো কে উদ্ধার করে বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গরুর মালিক আবুল হোসেন অভিযোগ করে বলেন, এলাকার কতিপয় ব্যক্তি শত্রুতা করে তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে গরুগুলিকে পুড়িয়ে মেরে ফেলেছে। এতে আমার ৮থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। তিনি ওই সকল দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আরো জানান, তার গোয়ালঘরে কোন বৈদ্যুতিক সংযোগ বা মশার কয়েল দেওয়া ছিল না।
এ ব্যাপারে সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম জানান, আগুনে পোড়া গরু গুলোকে আমি দেখেছি যারা ঘটনাটি ঘটিয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক এবং জঘন্য সকল দুর্বৃত্তদের শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় কৃষক আবুল হোসেনের ৮থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আক্তারুজ্জামান/বার্তাবাজার/ই.এইচ.এম