শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫ পুলিশসহ আহত অর্ধশতাধিক

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় হা-মীম গ্রুপে পোশাক কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।

সোমবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সরকারী নির্দেশনা অনুযায়ী ৩ দিনের ঈদের ছুটি অমান্য করে ৮ দিনের ছুটি দাবি করে বিক্ষুব্ধ শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি করে কারখানার ভিতরে বিক্ষোভ করে। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে কারখানার শ্রমিকরা পুলিশের সাথে ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ৫ জন পুলিশ সদস্য ও ১২ জন শ্রমিক আহত হয়। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আহত শ্রমিকদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ৩ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর