রাজধানীতে প্রেমিকাসহ ফুচকা খাওয়ার দাওয়াত দিয়ে বন্ধুকে হত্যা

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় প্রেমিকাসহ ফুচকা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে আরেফিন শাকিল (২৪) নামে এক যুবককে হত্যা করেছে তার বন্ধুরা। রোববার (০৯ মে) রাত ৯টার দিকে রাতে আব্দুল্লাহপুরের আইচি মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। এ ঘটনায় শাকিলে বন্ধু সাগর সামান্য আহত হয়েছেন। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহত শাকিল দক্ষিণখান ফায়দাবাদ গোয়ালটেক এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতো সে।

শাকিলের বন্ধু জুবায়ের জানান, গতকাল (শনিবার) কোনো একটি বিষয় নিয়ে শাকিলের সাথে সামান্য মনোমালিন্য হয়েছিল ভূঁইয়া সাব্বিরের (২৫)। পরে শাকিল ও তার গার্লফ্রেন্ডকে সাব্বির রোববার সন্ধ্যায় ইফতারের দাওয়াত দিয়েছিল। কাজে ব্যস্ত থাকায় শাকিল যেতে পারেনি। পরে আবার ফোন দিয়ে আইচি মেডিকেলের সামনে ফুচকা খাওয়ার জন্য ডাকে সাব্বির।

সেখানে শাকিল ও তার গার্লফ্রেন্ড ও আরেক বন্ধু সাগরসহ একই মোটরসাইকেলে নিজ এলাকা দক্ষিণখান ফায়দাবাদবাদ থেকে আইচি মেডিকেলের সামনে যায়। সেখানে যাওয়া মাত্রই সাব্বির দাঁড়িয়ে বলে তোদের দুজনকে আসতে বলছি তিনজন আসছিস কেন। আমি এত বিল দিতে পারব না।

জবাবে শাকিল বলে তুমি তো ঈদে আমাকে মার্কেট করে দিতে চাইছিলা, সেটা দিতে হবে না। আমাদের তিনজনকে খাওয়াবে। পরে গার্লফ্রেন্ডকে মোটরসাইকেলে বসিয়ে শাকিল ও সাগরকে একটু এগিয়ে নিয়ে যায় সাব্বির, শামীম, শিকদার মৃদুলসহ ৪-৫ জন।

সেখানে শাকিলকে ধারালো ছুরি দিয়ে বুকসহ বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাব্বির। এক পর্যায়ে সাগর বাধা দিতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করে, এতে সামান্য আহত হয় সাগর।

এ বিষয়ে নিহত শাকিলের বড় ভাই শাহাতদ জানান, সন্ধ্যার পরে বাসা থেকে বের হয় তার বন্ধু ভূঁইয়া সাব্বির ডেকেছে আইচি মেডিকেলের ওখানে দাওয়াতে। পরে খবর পেয়ে উত্তরায় স্থানীয় হাসপাতালে গিয়ে আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।সেখান থেকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ছোটভাইকে ভূঁইয়া সাব্বির খুন করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণার পরপরই মরদেহ নিয়ে স্বজনরা জোরপূর্বক হাসপাতাল ত্যাগ করেন। মরদেহটি পুনরায় ঢামেকে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর