শ্রমিকরা ঈদের সরকারি ছুটির সাথে অতিরিক্ত ছুটি পাবেন কিনা, তা আলোচনার মাধ্যমে মালিক-শ্রমিকদেরই ঠিক করতে হবে। সরকার ঈদের অতিরিক্ত কোন ছুটি দেবে না।
রোববার (৯ মে) শ্রমভবনে পোশাক মালিকদের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের আলোচনায় একথা জানিয়েছেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
তিনদিন কাজ করার জন্য ওভারটাইম দেয়া হবে কিনা সে বিষয়েও নিজেদের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত নেয়ার কথা বলেন তিনি। ছুটি দেয়া হোক বা না হোক, সব শ্রমিকের কর্মস্থলে থাকা নিশ্চিত করার জন্য আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বকেয়া বেতন-বোনাসও আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন তিনি।
এসময় তিন দিনের ছুটি পর্যাপ্ত নয় জানিয়ে শ্রমিক সংগঠনের নেতারা বলেন, এটি শ্রমিকদের ওপর অত্যাচারের শামিল। ১০ তারিখের মধ্যে বেতন-বোনাস পরিশোধের বিষয়ে সংশয় রয়েছে বলেও জানান তারা।
মালিকপক্ষের প্রতিনিধিরা বলেন, কীভাবে সব শ্রমিকের বেতন-বোনাস দ্রুত দেয়া যায়, তা নিয়ে কাজ করছেন তারা।
বার্তাবাজার/ই.এইচ.এম