মানিকগঞ্জের পুলিশ সুপারের উদ্যোগে বেদে ও ভাসমানদের জন্য ইফতার
মানিকগঞ্জে সারা রমজান জুড়েই ভাসমান দুস্থদের জন্য ইফতারের এক মানবিক উদ্যোগ গ্রহন করেছেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম।
পুলিশ সুপারের ব্যক্তিগত অর্থায়নে গোপনে নিরবে পহেলা রমজান থেকে শুরু হওয়া এ কর্মসূচি সারা মাস চলমান রয়েছে শহরের বেদে জনগোষ্ঠী, ভিক্ষুক ও ভাসমান অসহায়দের মাঝে। মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন, কমিউনিটি পুলিশ ও সুশিল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, বৈশ্বিক মহামারী করোনায় অভাবগ্রস্থ ছিন্নমূল ভাষমান অসহায়দের জন্য প্রতিদিনের শতাধিক ইফতারের উদ্যোগ পুলিশ সুপারের ব্যক্তিগত অর্থায়নে কার্যকর হচ্ছে। শহরের বিভিন্ন পয়েন্টে থাকা বেদে জনগোষ্ঠী, অন্ধ,পঙ্গু, ভিক্ষুক ও সড়কে থাকা ভাসমান অসহায়দের প্রতিদিন এ ইফতার পুলিশ ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌছে দেওয়া হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ পুলিশ দেশের যে কোনো প্রতিকূলতায় মানবিক কাজে এগিয়ে এসেছে। পুলিশের উর্দ্বতন কর্মকর্তারাও দেশের বিভিন্ন স্থানে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহন করে দৃষ্টান্ত স্থাপন করছে। এছাড়া তার এ উদ্যোগ শেষ রমজান পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/ভিএস