পাটুরিয়ামুখী যাত্রী নিয়ন্ত্রনে মানিকগঞ্জে বিজিবি মোতায়েন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। লকডাউনের মধ্যে ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিনের বেলায় শুধুমাত্র এ্যাম্বুলেন্স পারাপারের কথা থাকলেও এর সঙ্গে নৌরুট পারাপার হচ্ছে ঘরমুখো যাত্রীরাও।

ঘরমুখো এসব যাত্রীদের নিয়ন্ত্রণে ঘাট কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে। পাটুরিয়ামুখী যাত্রীদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে মানিকগঞ্জের তিনটি পয়েন্টে কাজ করবে বিজিবি’র পৃথক তিনটি টিম।

শনিবার (৯ মে) সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপারের জন্য ঘাট এলাকায় দুইটি ফেরি রাখা হয়। মরদেহবাহী এ্যাম্বুলেন্সগুলো পারাপারে ওই ফেরিগুলো দিনের বেলায় চলাচল করে। তবে ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের প্রচন্ড চাপ থাকায় এ্যাম্বুলেন্স পারাপার ব্যাহত হয়। জরুরি যানবাহন পারাপারের সময় জোড় করেই যাত্রীরা ফেরিতে উঠে পড়েন।

জেলা প্রশাসক এস.এম ফেরদৌস বলেন, রোববার সকাল থেকে মানিকগঞ্জের প্রবেশ পথ সিংগাইর উপজেলার ধল্ল্যা ব্রীজ এবং সাটুরিয়া উপজেলার বারবারিয়া ব্রীজ ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিজিবিও কাজ করবে। এ্যাম্বুলেন্স এবং জরুরী প্রয়োজনে বাইরে চলাচলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আফ্রিদি/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর