দুর্নীতির অভিযোগে রৌমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ
কুড়িগ্রামের রৌমারীতে যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলীর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৯ মে) সকাল ১১টার দিকে যাদুরচর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩শতাধিক মানুষ বিক্ষোভ ও মানবন্ধন অংশ নেন।
মানবন্ধনে বক্তব্য দেন, যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, রৌমারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,যাদুরচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা
ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হেল শাফি প্রমুখ।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী সরকারি অফিস বাদ দিয়ে নিজ বাড়িতে সকল প্রকার দাপ্তরিক কাজ করে চলছেন। চেয়ারম্যানকে অফিসে না পেয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ। অন্যদিকে চেয়ারম্যানের যোগসাজসে ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি হাতছাড়া হয়ে যাচ্ছে।
এরই মধ্যে তার নিকট আত্মীয় ৫জনকে ইউনিয়ন পরিষদের নামে দলিলকৃত ৩০শতাংশ জমি ভূমিহীন বন্দোবস্ত দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি প্রকল্পের টাকা হরিলুট করেছেন ওই চেয়ারম্যান। তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগ। অনিয়ম ও দুর্নীতি সরেজমিন তদন্ত করাসহ চেয়ারম্যানের অপসারণের দাবি জানান বক্তরা।
ইয়াছির আরাফাত/বার্তাবাজার/ই.এইচ.এম