চুক্তি ভঙ্গ করায় ভারতের সেরামের বিরুদ্ধে ‘অ্যাকশানে’ যাবে বাংলাদেশ!

চুক্তিমত করোনার টিকা না দেওয়ায় ভারতের সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভাবতে বলেছে সংসদীয় কমিটি। রোববার (০৯ মে) সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে চুক্তি মোতাবেক টিকা না আসার বিষয়ে আলোচনার পর এই সুপারিশ করা হয়।

বৈঠকের পরে সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সংবাদমাধ্যমকে জানান, গত ফেব্রুয়ারি মাসেই সংসদীয় কমিটি বলেছিল যে একাধিক সোর্স থেকে টিকা আনার ব্যবস্থা করতে হবে। এখন একটা সোর্স থেকে নিলেন কেন? এটা আমরা জিজ্ঞেস করেছি।

তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় আমাদের ব্যাখ্যা দিয়েছে যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে তারা বিভিন্ন সোর্স থেকে টিকা আনার চেষ্টা করছে। তবে জুলাইয়ে ভারত থেকেও টিকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়ার চেষ্টা করছে। রাশিয়া ও চায়না থেকে আনার চেষ্টা তো করছেই।

মুহাম্মদ ফারুক খান বলেন, দেশে টিকা দ্বিতীয় ডোজ শেষ হওয়ার আগে আমরা ভারতের যে টিকা যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত আছে, সেটা আনা যায় কিনা, সেই উদ্যোগ দ্রুততার সঙ্গে নিতে বলেছি।এছাড়াও ভারতের সেরাম ইনস্টিটিউট যে আমাদের নির্ধারিত সময়ে টিকা দিল না এজন্য তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেবেন কিনা, সে ব্যাপারে চিন্তাভাবনা করতে বলেছি।

দেশে প্রথমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেয়া হয়। ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে ৩ কোটি টিকা আনার চুক্তি করা হয়। সেই চুক্তি অনুযায়ী আগাম টাকাও দেওয়া হয়। গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রানেজেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু করলেও দুই চালানের (৮০ লাখ) পর আর টিকা দেয়নি সেরাম ইনস্টিটিউট। ফলে সরকার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রেখেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর