সাংবাদিক সেকেন্দারের ওপর হামলা; মধুখালীতে মানববন্ধন

ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক সেকেন্দার আলমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় মধুখালী রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আরজেএফ’র মধুখালী উপজেলা শাখা।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি শাহজাহান হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বসু, নির্বাহী সদস্য হাজী আ. মালেক শিকদার, নজরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা গোলাম ফারুক, মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মন্নু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরদার, আরজেএফ মধুখালী শাখার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মিয়া, সাংবাদিক মেহেদি হাসান পলাশ, সালেহীন সোয়াদ সাম্মি, রিফাত বিশ্বাস প্রমুখ।

এসময় মানববন্ধনে বক্তারা সাংবাদিক সেকেন্দার আলমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিক সেকেন্দার আলম তার নিজ বাড়িতে ইফতার শেষে মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী পবনবেগ গ্রামে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ তার মুঠোফোনে একটি কল আসে। পরে তিনি গাড়িটি থামিয়ে কলটি রিসিভ করে কথা বলতে থাকেন। এসময় কিছু বুঝে ওঠার আগেই বিপরীত দিক থেকে এক দল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা দেখতে পেয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক সেকেন্দার আলম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি রুল্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক আমাদের ‘আলফাডাঙ্গা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর