চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৯ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আইনের ধারা অনুযায়ী তার সে আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এখন আমরা তাকে সিদ্ধান্ত জানিয়ে দেবো। তিনি বাসায় থেকে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন।
এর আগে সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
গত বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রাতেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। তিনদিন পর এ বিষয়ে মতামত দিল আইন মন্ত্রণালয়।
গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। গত ২৪ এপ্রিল দ্বিতীয় করোনা পরীক্ষায় খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ আসে। ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। সেখানেই চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৬ মে করোনামুক্ত হন বিএনপি চেয়ারপারসন।
বার্তাবাজার/নব