আত্মসমর্পণকৃত বনদস্যুদের নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ
সাতক্ষীরার শ্যামনগরে আত্মসমর্পণকৃত বনদস্যুদের মাঝে র্যাবের পক্ষ থেকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
র্যাবের মহা-পরিচালকের (ডিজি) পক্ষ থেকে রবিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ৬৯ জন বনদস্যু’র মাঝে র্যার-৮ (বরিশাল) এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে র্যাব-৮ বরিশালের অপারেশন্স অফিসার এএসপি সঞ্জয় কুমার সরকার উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আত্মসমর্পণকৃত বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
তিনি আরও বলেন, র্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ থেকে বনদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি