টাঙ্গাইলের কালিহাতীতে দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
রোববার (৯ মে) সকালে উপজেলার ছাতিহাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছাতিহাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৬০) এবং একই গ্রামের সোনা মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৫১)। এসময় তাদের কাছ থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি ৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি