মানিকগঞ্জের হরিরামপুরে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ ও আলু।
রোববার (৯ মে) দুপুরে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এ ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি আমরা ব্যক্তি উদ্যোগে যারা ত্রাণ দিচ্ছেন সেগুলো সংগ্রহ করে বিতরণ করছি। আমরা চাই কোন মানুষই যেন খাবারের জন্য কষ্ট না পায়।
ত্রাণ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক বিপুল হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলন মাহমুদ/বার্তাবাজার/পি