বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত সম্বলিত নথি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন আইন সচিব গোলাম সারওয়ার।
রোববার (৯ মে) গণমাধ্যমকে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের কপি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এরপর সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।
উন্নতি চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয় কী মতামত দিয়েছেন, তা জানা যায়নি।
এর আগে বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রাতেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। গত ২৪ এপ্রিল দ্বিতীয় করোনা পরীক্ষায় খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ আসে। ২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। সেখানেই চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৬ মে করোনামুক্ত হন বিএনপি চেয়ারপারসন।
বার্তাবাজার/নব