করোনাভাইরাসে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আবারও ৪ হাজারের বেশি মৃত্যু ও ৪ লাখের বেশি শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
রোববার (৯ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪২ হাজার ৩৬২ জন।
দেশটির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত ৫০ লাখ। আর মারা গেছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব