ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও একাত্তরের বিখ্যাত ছাত্রনেতা তোফায়েল আহমেদ অসুস্থ। শনিবার (০৮ মে) সকাল থেকেই নিজ দলের কিছু নেতাকর্মী ফেসবুকে তার সুস্থতা কামনা করে পোস্ট দেন। তবে তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি অসুস্থ নয়।
তার অসুস্থতা নিয়ে বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ভেরিফাইড ফেসবুক পেইজেও পোস্ট করা হয়। সেখানে বলা হয়- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পোস্টে আল্লাহ’র কাছে বর্ষীয়ান নেতার সুস্থতা কামনা করা হয়।
পরবর্তীতে ওই পোস্ট ডিলিট করে তিনি আরেকটা পোস্টে লিখেন- অ্যাডমিন প্যানেল তাঁকে না জানিয়ে ভুল করে আগের পোস্টটি লিখেছিলো। বিষয়টিকে তিনি অনভিপ্রেত এবং দায়িত্বহীনতার পরিচায়ক বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, একটি অনলাইন পত্রিকায় দেখে যাচাই না করে পোস্ট দেওয়ায় উক্ত অ্যাডমিনকে তিরস্কার করেছেন এবং বিষয়টি অবগত হওয়া মাত্র পোস্টটি ডিলিট করেছেন। অনলাইন পত্রিকার সংবাদটি ভিত্তিহীন ছিলো জানালেও সংবাদমাধ্যমটির নাম উল্লেখ করেননি তিনি।
কিন্তু পরবর্তীতে এই পোস্টটিও ডিলিট করা হয় তার পেইজ থেকে।
অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘আরে ভাই কোন বদ… নিউজ দিয়েছে, আমি অসুস্থ হয়ে হাসপাতালে আছি? আমি ভালো আছি। ফেসবুকে অনেকে লিখছে, তারানা হালিম বেশি করে লিখছে।’
তবে তারানা হালিমের সাথে এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
বার্তা বাজার/এসজে