রোববার (৯ মে) মোংলা বন্দরে পৌঁছাবে মেট্রোরেলের দ্বিতীয় চালানবাহী বিদেশি জাহাজ ‘এম ভি ওশান গ্রেস’। জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে জাহাজটি।
এ তথ্যটি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান।
তিনি বলেন, জাহাজটি মেট্রোরেলের ৬টি কোচের ৪৮টি প্যাকেজ নিয়ে আসবে। যার ওজন ২৬৭ মেট্রিকটন।
এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান মোংলা বন্দরে এসে পৌঁছায়। ওই সময় বন্দরে খালাস হওয়া ৬টি বগিই এরই মধ্যে নদী পথে ঢাকায় উত্তারার দিয়াবাড়ী পৌঁছানোর পর ট্রায়াল রান হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, ‘রোববার মোংলা বন্দরে মেট্রোরেলের বগি নিয়ে আসা এটিই হবে দ্বিতীয় চালান। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরও ১৪৪ টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে বলে জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম