বাংলাদেশকে প্রতি ডোজ স্পুটনিক-ভি টিকার অর্থমূল্য জানিয়েছে রাশিয়া। যদিও দু দেশের মধ্যে এখনও টিকা কিনতে এখনও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। এরপরও প্রাথমিকভাবে ৯ দশমিক ৯৫ ডলার চেয়েছে রাশিয়া।
কিন্তু রাশিয়ার প্রাথমিকভাবে বেধে দেয়া দাম অতিরিক্ত মনে হওয়ায় দাম কমাতে রুশ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানা যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, গত সপ্তাহে এ বিষয়ে রাশিয়া একটি প্রস্তাব পাঠিয়েছে। এদিকে মূল্য নিয়ে আলোচনা প্রস্তাব পাঠিয়েছি।
তিনি বলেন, ফাইজার ও মডার্নার এক ডোজের চেয়ে স্পুটনিক-ভি টিকার দুই ডোজের মূল্য কম। যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে রুশ কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে বলেও প্রস্তাবে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়ার প্রস্তাবে বলা হয়েছে টিকার মূল্য ৫০ শতাংশ অগ্রিম পরিশোধ করতে হবে। টিকার দুটি ডোজ গ্রহণের মধ্যে বিরতি নিতে হবে। যে কারণে দ্বিতীয় ডোজের সরবরাহ যথাসময়ে এসে পৌঁছাতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে চুক্তিপত্র পেয়েছেন তারা। অন্যান্য দেশে প্রতি ডোজ স্পুটনিক-ভি এর দাম প্রায় ১০ ডলার। আমরা শিগগিরই চুক্তিটি সই করার চেষ্টা করছি।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল দেশে স্পুটনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। একইসঙ্গে স্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানেদের সঙ্গে যৌথভাবে স্পুটনিক-ভি উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম