মুনিয়ার মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ঢাকার গুলশানে একটি ফ্লাটে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার নিরপেক্ষ, প্রভাবমুক্ত তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ফরিদপুরের মধুখালীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ মে) দুপুরে মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী উপজেলা শাখা।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালাম।
লিখিত বক্তব্যে সুরাইয়া সালাম বলেন, কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার হত্যাকারীর বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। খুনি যতবড় ক্ষমতাধর হোক না কেন তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। অন্যথায় মহিলা পরিষদের পক্ষ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মহিলা পরিষদের নেত্রীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা হাজী আব্দুল মালেক সিকদার, মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামচ্ছুন্নাহার নিহার, লিগ্যাল এইড সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। মুনিয়া ঢাকার একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। নিহতের পরিবার দাবি করছে, মুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম