কেরানীগঞ্জে একদিনে ৩ মরদেহ উদ্ধার

রাজধানী ঢাকার কেরাণীগঞ্জে একদিনে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন আতাশুর এলাকায় ছুরিকাঘাতে হত্যা ও এক যুবক আত্মহত্যা ছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক সিএনজি চালকসহ একদিনে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ এলাকায় ছুরিকাঘাতে সামসুল হক (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শামসুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়ার হাজী মোসলেম উদ্দিনের ছেলে। সে গদাবাগ এলাকার একটি বাড়িতেকেয়ারটেকারে কাজ করতো। পাশেই আরেকটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারের সাথে বসবাস করতো। শুক্রবার রাতে ওই বাড়ির পাশের একটি সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ধারণা করা হচ্ছে রাতে কোনো সংঘবদ্ধ চোর বা ডাকাতের দল ওই বাড়ির গোডাউনে চুরি করতে আসলে শামসুল হক বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল বাশার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এছাড়া জিনজিরা হাউলী এলাকায় মাহাবুব (১৮) নামের এক যুবক গতকাল রাতে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত মাহাবুব নরসিংদী রায়পুরা আব্দুল আউয়াল মিয়ার ছেলে। মাহবুব ও তার স্ত্রী দুজনেই জিনজিরা জনি টাওয়ারের পাশে বি প্লাস মার্কেটে চাকরি করতো। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের সামনে রাত একটার দিকে রাস্তার রোড ডিভাইডারের সাথে সিএনজি ধাক্কা লেগে গুরুতর আহত মনসুর তালুকদার (৫০) কে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে তিনি সেখানে মারা যান।

পেশায় সিএনজি চালক মনসুরের পিতার নাম শাহ আলম তালুকদার, সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা আউটশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী বলেন, প্রাথমিকভাবে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে ঝিলমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনটি লাশই পুলিশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিদিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর