ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলাম ধর্মকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে রতন রায়-(৩৯) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের অবনি রায়ের ছেলে। তবে গ্রেপ্তারকৃত রতন রায়ের দাবি তিনি এই স্ট্যাটাস দেননি। তার আইডি হ্যাক করে অন্য কেউ এই স্ট্যাটাসটি দিয়েছেন।
এ ঘটনায় শুক্রবার রাতেই সরাইল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা হয়েছে। শনিবার রতন রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্র ও পুলিশ জানায়, রতন রায় উপজেলার অরুয়াইল বাজারের একজন কাপড় ব্যবসায়ী। শুক্রবার রতন রায় তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম সম্পর্কে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি দেখে মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশেরও নজরে আসে।
পুলিশ বিকেলে অরুয়াইল বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রতন দাবি করেন, তিনি এই স্ট্যাটাস দেননি। তার আইডি হ্যাক করে অপর কেউ হয়তোবা এই স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের বিষয়ে তিনি কিছুই জানে না। স্ট্যাটাসটি দেখার পর ডিভাইস থেকে ওই স্ট্যাটাসটি ডিলেট করে দিয়েছেন।
এ ঘটনায় শুক্রবার রাতেই সরাইল থানার এস.আই মো. মিজানুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রতনের বিরূদ্ধে একটি মামলা করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, রতনের ভেরিফাইড আইডি থেকেই স্ট্যাটাস দেয়া হয়েছে। আইডি হ্যাক হয়ে থাকলে তিনি আবার ডিলেট করবেন কিভাবে? তিনি বলেন, প্রাথমিকভাবে ধরে নেয়া হয়েছে এ কাজটি রতনই করেছেন। তবে টেকনোলজি ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি