মমতা ব্যানার্জি টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে মমতা ব্যানার্জিও কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৬ মে) পাঠানো চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনার অভিনন্দনবার্তা পেয়ে আমি খুব আনন্দিত। আপনাকেও আমার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।
তিনি লেখেন, গত দশ বছরে আমরা অনেক কাজ করেছি। আগামী দিনেও আশা করি অনেক কাজ করব। আজ বাংলার মানুষ আমাদের ওপর যে ভরসা রাখছেন, আমারা তার যোগ্য সম্মান রাখব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবো– এটা আমাদের অঙ্গীকার।’
মমতা আশাবাদ ব্যক্ত করে লেখেন, ভৌগলিক অবস্থানের কারণে দুই বাংলা আলাদা থাকলেও আমাদের চিন্তা, চেতনা, মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।’
চিঠিতে মমতা আরো লেখেন, আপনাকে, রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমাদের চলার পথের পাথেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’
প্রসঙ্গত, গত ৫ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয় বারের মতো শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে ৬ মে তিনিও কৃতজ্ঞতাপত্র পাঠিয়েছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম