বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর ও উপ-দফতর সম্পাদকদের সাথে জেলা পর্যায়ের দফতর ও উপ-দফতর সম্পাদকদের সমন্বয় সভা শুরু হয়েছে। শুক্রবার (০৭ মে) সকাল থেকে অনলাইনে এই সভা শুরু হয়। যা চলবে ধারাবাহিকভাবে সকল জেলায়।
প্রথম ধাপে কেন্দ্রীয় দফতর ও উপ-দফতর সম্পাদকের সঙ্গে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক জেলাসমূহের (ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) দফতর ও উপ-দফতর সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধাপে ধাপে ৮টি বিভাগের জেলাসমূহের দফতর ও উপ-দফতর সম্পাদকদের সঙ্গে এ সভা করা হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।
সভার শুরুতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ২০০৭ সালের ৭মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতা ও ভয়-ভীতি উপেক্ষা করে দেশে ফিরে আসার গুরুত্ব তুলে ধরেন।
নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে এবং বাঙালি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছে।
কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, দলীয় প্রচার-প্রচারণায় এবং আওয়ামী লীগ ও সরকারবিরোধী গুজব- প্রোপাগান্ডা রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দকে তৎপর থাকতে হবে।
পাশাপশি সাংগঠনিক কর্মকাণ্ডের গতিশীলতা কীভাবে বৃদ্ধি করা যায়, দাফতরিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধিতে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপযুক্ত ব্যবহার করা যায় এসব বিষয়েও তিনি আলোকপাত করেন।
তিনি বলেন, দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ও দলীয় ফোরামে আলাপ-আলোচনার ভিত্তিতে তৃণমূলের নেতাদের এ নির্দেশনা দেওয়া হচ্ছে।
বার্তা বাজার/এসজে