‘খালেদা-তারেকের একগুয়েমিতে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের একগুয়েমিতে যেনতেন ভাবে ক্ষমতায় যাওয়ার কারণেই সেদিন তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন

শুক্রবার (৭ মে) গণতন্ত্র পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একবার দু’বার নয় বহুবার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। জননেত্রী শেখ হাসিনাকে ২১বার হত্যার চেষ্টা করা হয়েছে। এসব কিছু থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি এখন সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফিরে কথা তুলে ধরে এসএম কামাল বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব নেতারা শেখ হাসিনার প্রশংসা করছেন। সেই মুহূর্তে স্বাধীনতার পরাজিত শক্তি, ৭৫’র খুনিরা আর তাদের প্রতিনিধি বাবুনগরী-মামুনুল হকরা নতুন করে মোদি বিরোধিতার নামে ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি, ওরা ইসলামের রক্ষক না। ওরা হেফাজত ইসলাম না। ইসলামের হেফাজতকারী হচ্ছে আল্লাহতালা। তারা ইসলামের পক্ষে ইসলামের প্রচার করতে পারেন কিন্তু বাবুনগরী-মামুনুল হকরা ইসলামের প্রচার করছেন না। তারা জামাত-বিএনপির হেফাজত করছেন।’

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসএম কামাল বলেন, আমাদের শপথ নিতে হবে। আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, সেই ৭৫’র খুনী, একাত্তরের খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর