ফেরি চলাচল বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পাটুরিয়া ও মাওয়া ফেরিঘাটে শনিবার থেকে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম শনিবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও গতকাল সকাল থেকেই শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গের যাত্রীদের চাপ বাড়তে থাকে। যাত্রীদের ভিড় সামলাতে না পেরে অনেক ফেরি কোনো বাহন না নিয়েই গন্তব্যে রওনা হয়। বেলা সোয়া ১১টার দিকে শিমুলিয়া থেকে রো-রো ফেরি এনায়েতপুরী শুধু যাত্রী নিয়েই শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে ভিড়ে।

ফেরিঘাট সূত্রে জানা যায়, যাত্রীদের চাপের কারণে শিমুলিয়া থেকে ফেরিটিতে কোনো গাড়ি উঠতে পারেনি। প্রায় ১২০০ যাত্রী নিয়ে ফেরিটি যাত্রা করে। হাজার হাজার মানুষ ফেরিতে গাদাগাদি করে দাঁড়িয়েই পদ্মা পার হন।

এসময় অনেকের মুখেই ছিল না মাস্ক। আবার কারও মাস্ক থাকলেও নামানো ছিল থুতনিতে। ফেরিতে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে পার হয়েছেন নদী। পরিস্থিতি দেখে করোনা সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর