করোনায় সৃষ্ট সংকটে ব্যক্তি উদ্যোগে পথশিশু, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
ইফতার বিতরণ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতিতে পবিত্র রমজানে খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ একটি ক্ষুদ্র প্রয়াস।’ শুক্রবার (৭ মে) বিকেলে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টার এলাকায় পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ডিএনসিসির মেয়র।
এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘তার ব্যক্তিগত উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর মাধ্যমে আজ ডিএনসিসির ৬, ৭, ১৫, ১৭, ১৯, ২০ ও ৩২ নম্বর এই ৭টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪০০ প্যাকেট করে সর্বমোট ২ হাজার ৮০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হলো।’
তিনি জানান, আগামীকাল থেকে প্রতিদিন ৯টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪০০ প্যাকেট করে সর্বমোট ৩ হাজার ৬০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হবে।পর্যায়ক্রমে ডিএনসিসির সবগুলো ওয়ার্ডেই ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান মেয়র।
করোনাকালে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সাধারণ ও সংরক্ষিত আসনের ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে এক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।
ইফতার বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে দোকানপাট ও শপিংমলসমূহে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে হবে। এমনকি স্বাস্থ্যবিধি না মানলে সংশ্লিষ্ট দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে।’
বার্তাবাজার/ই.এইচ.এম