চলতি বছরের জুন মাসে পদ্মসেতুর মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারি করোনা ও বন্যায় কাজ করা সম্ভব হয়নি বলে পঞ্চম দফায় আরও ২ বছর বাড়ানো হয়েছে পদ্মসেতু প্রকল্পের মেয়াদ।
সেতু বিভাগ বলছে, ইতোমধ্যে মূল সেতুর কাজ হয়েছে ৯৩ শতাংশ। আগামী বছরের জুনেই সেতুর মূল কাজ শেষ হওয়ার আশা রয়েছে।
চলতি বছরের শুরুতে ব্যয় বাড়ানো ছাড়াই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠায় সেতু বিভাগ। যার প্রেক্ষিতে প্রস্তাবের ভিত্তি যাচাই করতে ফেব্রুয়ারি মাসে সেতু পরিদর্শন করতে যায় পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।এর পরেই মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়।
কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ হয়ে চূড়ান্ত প্রস্তাব যায় পরিকল্পনামন্ত্রীর দপ্তরে। চলতি সপ্তাহে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পে মেয়াদ বাড়ানোর ওই প্রস্তাবে সই করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সেতু বিভাগ জানিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫০ শতাংশ। তবে মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ২৫ শতাংশ। নদীশাসনের অগ্রগতি ৮৩ শতাংশ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২০০৭ সালের ২৪ আগস্ট ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প প্রথম অনুমোদন পেলেও পরে তা বেড়ে এখন করা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা।
বার্তা বাজার/এসজে